দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে আগামী গ্রীষ্মের আগে লোডশেডিং কমবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ হলরুমে ডোমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুতায়নের মিথ্যা তথ্য দিয়ে উৎসব পালন করেছে। অথচ সারা দেশের মতো ময়মনসিংহ বিভাগেও বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর কাজ করেনি। ওই সময় ময়মনসিংহে বিদ্যুৎ ও গ্যাস সঞ্চালনের উপযুক্ত লাইন তৈরি করা হয়নি। ফলে এ অঞ্চলের মানুষকে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ভুগতে হয়েছে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার এ সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে। আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমবে বলে তিনি আশা করছেন।
ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির মাধ্যমে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এ উদ্যোগ এ অঞ্চলের পাশাপাশি দেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়ক হবে। দেশের বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধানে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতাও কামনা করেন মন্ত্রী।
কর্মসূচির সূচনা হিসেবে দুটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের বাড়িতে ২০ কিলোওয়াট পিক এবং ভালুকার বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ব্যাটারিসহ ৫ কিলোওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।
স্বাগত বক্তব্য দেন ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম। ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির ওপর উপস্থাপনা করেন ইডকলের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিছুজ্জামান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুট। এ ছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ইডকল ও বিআইএফএফএলের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির আওতায় দেশের আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আবাসিক পর্যায়ে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার উৎসাহিত করা এবং দেশের জ্বালানি ব্যবস্থায় সৌরবিদ্যুতের অবদান বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এমএস/